আটক তিন মাদককারবারি
আটক তিন মাদককারবারি। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় ৩৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ তিন মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় নিয়মিত মামলার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক আসামিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Advertisement

রোববার (১৮ অক্টোবর) দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক (ডিডি) মো: রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানাধীন হাসপাতাল রোডস্থ ‘বাদল স্টোর’ নামক একটি মুদি দোকানে ও টিএনটি পাড়াস্থ একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। অভিযানে মুদি দোকানের ক্যাশ বাক্সের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ১০০ পিস ও অপর এক আসামির কাছে থেকে আরো দুই পিসসহ মোট ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় দোকান থেকে মাদক বিক্রির নগদ এক লাখ ৭৮ হাজার ৫০০ টাকা, দু’টি অ্যান্ড্রয়েড মোবাইলফোন, একটি সিসি ক্যামেরা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ইয়ামাহা এফজেড মোটরসাইকেল জব্দ করা হয়।

পরে টিএনটিপাড়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে শয়নকক্ষের আলমারির উপর থেকে আরো ২৭৫ পিস ইয়াবা ও একটি মোটোরোলা মোবাইলফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৩৭৭ পিস (ওজন ৩৭.৫ গ্রাম) মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক তিনজন হলেন— মো: অন্তর শেখ (৩২), মো: মোফাজ্জেল হক (৪৭) ও মো: সাব্বির হোসেন (২৫)।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো: মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন।

এছাড়া চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোফাজ্জল হককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।