খেলাধুলা, মাদক, তরুণ, সরকার, আরাফাত রহমান কোকো
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু । নয়া দিগন্ত

ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, ‘আমাদের তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে।’

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে গফরগাঁও পৌর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘বর্তমান বিএনপি সরকার ক্রীড়া বান্ধব সরকার। শরীর ও মনকে সচল রাখতে মাঠে খেলাধুলার চর্চা বাড়াতে হবে।’

তিনি মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি মাঠ পর্যায়ের যুব সমাজকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো: মুক্তার হোসেন মুক্তার সভাপতিত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য রাকিব আহামেদের পরিচালনায় এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা অবিভক্ত বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো: ফজলুল হক, গফরগাঁও থানার ওসি মো: মনিরুজ্জামান সেখ, দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিন, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও গফরগাঁও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, আল আমিন‌ জনি, উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার মো: খুররম, সংসদ সদস্যের একান্ত সচিব শাকিল আহমেদ রূপক, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টুর্নামেন্টে পৌরসভার নয়টি ওয়ার্ডের নয়টি দল অংশ নেয়।