
জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ হোসেন আলী (৪৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হোসেন আলী উপজেলার ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ওই গ্রামের মরহুম হযরত আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় এসআই আপেল মাহমুদের নেতৃত্বে ডিবি-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলকোচা এলাকায় অভিযান চালায়। এ সময় ফুলকোচা গ্রামের মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে থেকে ৮৩ পিস ইয়াবাসহ হোসেনকে গ্রেফতার করা হয়।
জামালপুর ডিবি-১-এর ওসি মো: শাহিনুর রহমান তালুকদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ হোসেন আলীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








