টুপটুপ রিসোর্ট, কক্সবাজার
টুপটুপ রিসোর্ট, কক্সবাজার। সংগৃহীত

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় নিহত তিনজনের বাড়ি বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামে। এছাড়া অন্য চারজনও তাদের স্বজন।

Advertisement

নিহতদের লাশ উদ্ধার করতে পরিবারের লোকজন শনিবার বিকেলে ঘটনাস্থলে গেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জানা গেছে, আমতলী উপজেলার অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো: কবির তালুকদারের জামাতা নুরে আলম, মেয়ে ফারিহা কবির, ছেলে কৌশিক জেরিফ, নাতি ফাইজার আহম্মেদ ও তার ভায়রা মামুনুর রশিদের পরিবারের সাতজনসহ মোট ১১ জন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কক্সবাজারে আনন্দ ভ্রমণে যায়।

কবির তালুকদার জানান, ওইখানে তারা টুপটুপ রিসোর্টে ওঠে। কিন্তু জামাতা নুরে আলম শুক্রবার (১৬ অক্টোবর) চুয়াডাঙ্গায় ফেরে। শনিবার অগ্নিকাণ্ডের সময় বাকি ১০ জনের মধ্যে তিনজন জানালা ভেঙে বাইরে বের হতে সক্ষম হলেও বাকি সাতজন বের হতে পারেনি।

নিহত সাতজনের মধ্যে যুব উন্নয়ন কর্মকর্তা কবির তালুকদারের মেয়ে ফাবিহা কবির, ছেলে কৌশিক জেরিফ ও নাতি ফাইজান আহম্মেদ রয়েছে। অপর নিহত চারজন কবির তালুকদারের ভায়রার পরিবারের। তারা হলেন— ইসরাত জাহান মালিহা, মিলিতা মেহজাবিন আলভি, লায়লা জাহান নাভিলা ও নাফিসতা মীম কবির। তাদের বাড়ি ঢাকার ফতুল্লা এলাকায়।

কবির তালুকদারের ছেলে কৌশিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল।
 
অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো: কবির তালুকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার কিছুই রইল না। ছেলে, মেয়ে ও নাতি মারা গেছে। তারপর ভায়রার পরিবারের চারজন মারা গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি জেনেছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মো: হাফিজুর রহমান বলেন, শুনেছি অগ্নিকাণ্ডে আমতলীর একই পরিবারের তিনজন নিহত হয়েছে। পরিবার সহায়তা চাইলে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।