
সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আয়াত (৩ মাস)। সে গোয়াইনঘাট থানার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে।
জানা গেছে, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার বিরাইমারা সেতুর পাশে দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চার-পাঁচজন যাত্রী আহত হন।
জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে শিশু আয়াতসহ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আয়াতকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে পুলিশ জানায়, দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে।
এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় জাফলংগামী পর্যটকবাহী একটি বাসের সাথে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের দু’জন যাত্রী নিহত ও পাঁচজন আহত হন।
স্থানীয়দের সহায়তায় তামাবিল হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশ আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বে থাকা এসআই আনোয়ারুল ইসলাম জানান, তামাবিল সড়কে পর্যটকবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ। এ ঘটনায় হাসপাতালে আরো পাঁচজন ভর্তি রয়েছেন। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছয় দিনের জন্য সিলেট ভ্রমণে এসেছিলেন কয়েকজন পর্যটক। শনিবার একটি বাসে করে জাফলংয়ের উদ্দেশে রওনা হন তারা। পথে সিলেটগামী একটি পাথরবোঝাই ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে কাদায় পড়ে যায় এবং বাসের যাত্রীরা হতাহত হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








