
নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘একটি জাতির উন্নত শিখরে পৌঁছানোর জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তাই বিএনপি সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।’
শনিবার (১৭ অক্টোবর) নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বিএনপি মনে করে শিক্ষা ছাড়া একটা জাতি উন্নত হতে পারে না। শিক্ষা হলো একটি দেশ ও জাতির মেরুদণ্ড। একটা দেশ, একটা জাতি যদি পৃথিবীর মানচিত্রে উন্নত হিসেবে দেখতে চায় তার জন্য দরকার শিক্ষা। বর্তমান সরকার শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। দেশের উন্নয়নে জাতিকে অবশ্যই শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সরকার কেবল শিক্ষার অবকাঠামোগত উন্নয়নই নয়, সামগ্রিক মানোন্নয়নেও নানা কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করছে।’
তিনি বলেন, ‘আমরা আগের সরকারের সময় দেখতাম সাদা খাতা জমা দিলে জিপিএ-৫, আবার দুই কলম লিখলে গোল্ডেন ৫। শেখ হাসিনার সরকার একটি জাতিকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী দেশের দায়িত্ব নিয়েছিলেন।’
অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে হুইপ বলেন, ‘ছেলে-মেয়েদের স্কুল মুখী করতে হবে, কলেজ মুখী করতে হবে, বিশ্ববিদ্যালয় মুখী করতে হবে। লেখাপড়া না করলে, সাদা খাতা জমা দিলে জিপিএ-৫ পাওয়া যাবে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের এসএসসি ও এইচএসসি পর্যন্ত অবৈতনিক পড়াশুনার ব্যবস্থা করেছিলেন। বর্তমান বিএনপি সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে।’
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির অগ্রগতি ও শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম ও প্রধান শিক্ষক আফসার আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশাসক, জেলা পরিষদ ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য জি এস সোহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, মাধনগর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মো: রাজু মৃধা, সাংগঠনিক সম্পাদক মো: বিটল মুহরি।
এছাড়া মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, অবিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








