সড়ক দুর্ঘটনায় নারী নিহত, শিশু আহত
সড়ক দুর্ঘটনায় নারী নিহত, শিশু আহত। প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় কল্যাণী অধিকারী (৫৯) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক থেকে পড়ে গুরুতর আহত হয়েছে ঋতুপর্ণা অধিকারী (১০) নামে এক শিশু।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের নরনিয়া বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কল্যাণী অধিকারী কেশবপুর উপজেলা সদরের সাহাপাড়া এলাকার আনন্দ অধিকারীর স্ত্রী এবং শিশু ঋতুপর্ণা একই এলাকার গোপাল অধিকারীর মেয়ে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে চুকনগর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক কেশবপুর যাচ্ছিল। ইজিবাইকটি চুকনগর বাসস্ট্যান্ড থেকে ৫০০ মিটার দূরে নরনিয়া বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ইজিবাইকে থাকা যাত্রী কল্যাণী অধিকারী ইজিবাইক থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া শিশু ঋতুপর্ণা অধিকারীও ইজিবাইক থেকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

খর্ণিয়া (চুকনগর) হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত ট্রাকটি পালিয়ে যায়। তবে ইজিবাইকটি খর্ণিয়া (চুকনগর) হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে।