স্বর্ণের বারসহ আটক চোরাকারবারি
স্বর্ণের বারসহ আটক চোরাকারবারি। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি স্বর্ণের বারসহ মো: দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের ওজন ৭০০ গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন মুন্সিপুর বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো: দলিলের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, হাবিলদার মো: আল আমিনের নেতৃত্বে টহলদলটি সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে দবির উদ্দিনকে আটক করা হয়। এ সময় তিনি স্বর্ণের বারগুলো নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের চেষ্টা করছিলেন বলে জানায় বিজিবি।

বিজিবি আরো জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দামুড়হুদা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়ার কার্যক্রম চলছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।