
ফেনীর সোনাগাজী নিজের মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মনোয়ারুল ইসলাম নামে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ উঠেছে।
সোনাগাজী উপজেলার উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের লক্ষীগঞ্জ গ্রামে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, মনোয়ারুল ইসলামের মেয়ে তাসপিয়া আক্তার স্থানীয় লক্ষীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়ে। তাসপিয়া মাদরাসায় যাওয়ার সময় অটোরিকশাচালক একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোহাম্মদ ফারুক অশ্লীল অঙ্গভঙ্গিসহ আজেবাজে কথা বলেন। বিষয়টি তাসফিয়ার বাবা মনোয়ারুল ইসলাম মাদরাসার অধ্যক্ষকে জানালে তিনি ফারুককে ডেকে নিয়ে এ বিষয়ে বকাঝকা করে সতর্ক করে দেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ফারুকের ভাই তারেক বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার জরবা পুকুর এলাকায় মনোয়ারুলের উপর হামলা চালান। এতে তিনি গুরুতরভাবে জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে রেফার করেন এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তাসপিয়া ফুফু ফাতেমা আক্তার বলেন, এ নিয়ে সে (তাসপিয়া) বেশ কয়েকবার বাড়িতে তার মায়ের কাছে অভিযোগ দিয়েছে। একপর্যায়ে সে আর মাদরাসায় যাবে না বলে দেয়। পরে বাধ্য হয়ে আমার ভাই অধ্যক্ষকে বিষয়টি জানান। জানানোর পরেই আমার ভাইকে রক্তাক্ত জখম করেছে অটোরিকশাচালক ফারুকের ভাই তারেক।
এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাশেম জানান, মেয়েটির বাবা উপর হামলার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ ফেলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








