
পিরোজপুরের কাউখালীতে ইলিশ সংরক্ষণ অভিযানে কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদফতরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সার্বিক সহায়তায় কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নদী থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে স্থানীয় সর্বসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়।
কাউখালী উপজেলার ইউএনও রেহানা আক্তার বলেন, ‘জাতীয় সম্পদ ইলিশ রক্ষা ও মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিতে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত আমাদের তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলেসহ সর্বস্তরের জনগণই পাবেন। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান জানান, ইউএনও রেহানা আক্তারের সার্বিক নির্দেশনায় মা ইলিশ রক্ষায় আমরা নিয়মিত টহল দিয়ে যাচ্ছি। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মা ইলিশের নিরাপত্তায় পুরো প্রজনন মৌসুম জুড়েই আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








