কিশোর গ্যাং
পুলিশভ্যান। নয়া দিগন্ত

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরো ৫১৯ জনকে আটক করেছে পুলিশ। 

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ নিয়ে আট দফার অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪৭২ জনে। তাদের মধ্যে অন্তত এক হাজার জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে অভিযান পরিচালনা করে। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, এমন স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আটক ব্যক্তিদের অপরাধের সাথে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ অভিযান চালানো হচ্ছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ রোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।’

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে সাত দফার অভিযানে কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপের প্রধানসহ মোট দুই হাজার ৯৫৩ জনকে আটক করা হয়। সর্বশেষ অভিযানে আরো ৫১৯ জনকে আটকের পর মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪৭২ জনে।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্যদের নাম উঠে আসে। এরপর কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করে পুলিশ।