ছিনতাই
পুলিশ ভ্যানে আটকরা। নয়া দিগন্ত

চট্টগ্রামের ফটিকছড়িতে দিনদুপুরে এক চা বাগানের সহকারী ব্যবস্থাপককে কিরিচ দিয়ে কুপিয়ে ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ভূজপুর ইউনিয়নের মির্জারহাট সংলগ্ন স্থানীয় পঞ্চবটী চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাধা দিতে গিয়ে এক পল্লী চিকিৎসকও আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চবটী চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ কৃষি ব্যাংকের নারায়াণহাট শাখা থেকে বাগানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও খরচের সাত লাখ ৩৩ হাজার টাকা তুলে মোটরসাইকেলযোগে বাগান অফিসে ফিরছিলেন। তিনি বাগানের প্রধান ফটকের অদূরে পৌঁছালে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তার গতিপথ রোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। 

এতে নেপাল কান্তি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ধারালো কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে টাকার ব্যাগ ও মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে বাবুল কান্তি দাশ নামে এক স্থানীয় পল্লী চিকিৎসক উদ্ধার করতে এগিয়ে এলে ছিনতাইকারীরা তাকেও আঘাত করে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।

ঘটনার পর পর বাগানের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এলাকায় খোঁজাখুঁজি করে বিকেল নাগাদ ছিনতাইয়ে জড়িত এক যুবককে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মুহাম্মদ জিহান নামে আরো এক যুবককে আটক করে স্থানীয়রা। 

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে একজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত আরো দু’জনকে আটক করে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো: তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘কৃষি ব্যাংক থেকে টাকা তুলে বাগানে ফেরার পথে সহকারী ব্যবস্থাপকের ওপর হামলা চালিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়। চা বাগানের শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় পুলিশ এখন পর্যন্ত চারজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে একজন ঘটনায় সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ছিনতাইকৃত টাকা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এ ঘটনায় ভূজপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।