স্বজনদের আহাজারি, (ডানে) নিহত শিশু সাফুয়ান
স্বজনদের আহাজারি, (ডানে) নিহত শিশু সাফুয়ান। নয়া দিগন্ত

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে সাফুয়ান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসদরের কাণ্ঠালিয়া এলাকা সংলগ্ন লৌহজং নদীতে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত শিশু সাফুয়ান কাণ্ঠালিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।

শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সবার অগোচরে শিশুটি লৌহজং নদীর পাড়ে চলে যায় এবং একপর্যায়ে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় নদীর অপর প্রান্ত থেকে কয়েকজন নারী প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলেও তাৎক্ষণিকভাবে আশপাশে কেউ না থাকায় তাকে বাঁচানো যায়নি। শিশুটিকে হাত নাড়াতে নাড়াতে পানির নিচে তলিয়ে যেতে দেখেন ওই নারীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে দ্রুত টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে বেলা ১১টা থেকে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানকালে দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে মাঝ নদী থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো: ইসমাইল হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের তিন ডুবুরিসহ সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। দুপুরে শিশুটির লাশ উদ্ধারের পর তার পরিবারের কাছে দেয়া হয়েছে।’