
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় একটি ড্রেজার, একটি অ্যাঙ্কার বোট, একটি হাউজবোট, এক হাজার ফুট পাইপ ও ৭ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মেঘনা নদীর আনন্দবাজার-ছনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন গাইবান্ধার দৈলতপুর থানার চর কালিকাপুর গ্রামের আবদুল মান্নান শেখের ছেলে আব্দুল খালেক, একই জেলার গোবিন্দগঞ্জ থানার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে আমিরুল ইসলাম এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার তিস্তাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে উপজেলার মেঘনা নদীতে রাতের আঁধারে ১০ থেকে ১৫টি শক্তিশালী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এ কাজে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলাম ও তার চাচা রূপচানের নেতৃত্বে একটি সিন্ডিকেট জড়িত বলে অভিযোগ উঠেছে।
বিআইডব্লিউটিএর বিজ্ঞপ্তিতে মা ইলিশ সংরক্ষণ ও প্রজননের স্বার্থে দেশের নদ-নদীতে ড্রেজিং বন্ধ রাখার কথা বলা হয়েছে। তবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওই চক্র বালু উত্তোলন চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি জানতে পেরে বুধবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামালের নেতৃত্বে এসআই আকতার হোসেনসহ পুলিশের একটি দল আনন্দবাজার-ছনপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম ও বালু জব্দ করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।
এদিকে, বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাজহারুল ইসলাম। তার দাবি, তিনি এ কাজে জড়িত নন।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, ‘পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি চক্র। গতকাল বুধবার সন্ধ্যায় নদীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় ড্রেজার, বোট ও বালু জব্দ করা হয়।’
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘মেঘনা নদীতে বালু উত্তোলনের দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








