ইলিশ, নৌ পুলিশ, অভিযান
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নারী জেলেরা ইলিশ শিকার করছেন। নয়া দিগন্ত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে নারী জেলেরা মা ইলিশ শিকারে মেতে উঠেছেন। অভিযান অব্যহত থাকলেও প্রকাশ্য চলছে মা ইলিশ শিকার। অসাধু জেলেরা অভিযানের ফাঁকে মা ইলিশ ধরা অব্যাহত রেখেছেন। 

Advertisement

জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব। নিষেধাজ্ঞার সময়েও অবাধে মা ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া নদীর বাঁশবাড়িয়া, ঢনঢনিয়া, গোলখালী, কাটাখালী, আউলিয়াপুর, রণগোপালদী ও পাতারচর এবং চরবোরহানের বিভিন্ন পয়েন্টে চলছে অবাধে মা ইলিশ শিকার। নদীতে মাছ ধরার ট্রলারগুলোতে অত্যাধুনিক ফাইটার ইঞ্জিন লাগিয়ে বেপরোয়াভাবে দাপিয়ে বেরাচ্ছেন জেলেরা। 

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, প্রায় সাত থেকে আটটি মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা নিবিঘ্নে নদীতে জাল পেতে মা ইলিশ শিকার করছেন। অথচ প্রশাসনের পক্ষ থেকে মা ইলিশ রক্ষায় নদীতে কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে। 

এ বিষয়ে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো: আমিরুল ইসলাম জানান, তেঁতুলিয়া নদীর উত্তর প্রান্তে কয়েকটি নারী জেলের দল একাধিক ট্রলার নিয়ে আমাদের সীমানায় মা ইলিশ শিকার করতে আসেন। মূলত ওরা বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি বাজার এলাকার লোকজন। তাদেরকে আটক করলে তারা তাদের ছোট ছোট ছেলে-মেয়েদের নদীতে ফেলে দিয়ে আমাদের ভয়ভীতি দেখান। তবে আজ থেকে কঠোরভাবে ২২ দিনের নিষেধাজ্ঞা পরিচালনা করা হচ্ছে।’

দশমিনার ইউএনও মো: মাহমুদ হাসান মৃধা বলেন, ‘আমি নিজেই তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করছি। নৌ পুলিশ, থানা পুলিশ ও মৎস্য বিভাগকে কঠোরভাবে সরকারি নিষেধাজ্ঞায় মা ইলিশ রক্ষায় কাজ করার পরামর্শ দেয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক মৎস্য, জাল ও ট্রলার জব্দ করা হয়েছে।’