ইলিশ, নৌ পুলিশ, গ্রেফতার, জেলে, অভিযান
কারেন্ট জালসহ ১১ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। নয়া দিগন্ত

মা ইলিশ সংরক্ষণ অভিযানে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্যকারী ১১ জেলেকে কারেন্ট জালসহ গ্রেফতার করেছে নৌ পুলিশ। 

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মালেক খসরু খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকাল ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পদ্মা সেতু উত্তর থানাধীন মাওয়া নৌ পুলিশ কর্তৃক পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

ইনচার্জ মালেক খসরু নয়া দিগন্তকে জানান, বুধবার সকাল ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পদ্মা সেতু উত্তর থানার অন্তর্ভুক্ত এলাকার পদ্মা নদীতে মাওয়া নৌ পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত চারটি কাঠের নৌকা, দুই কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ ও সাড়ে তিন হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ১১ জেলেকে গ্রেফতার করা হয়। 

তিনি আরো জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নির্ধারিত বিধিনিষেধ বাস্তবায়নে পদ্মা নদীতে নিয়মিত টহল পরিচালনা করছে মাওয়া নৌ পুলিশ। এরই অংশ হিসেবে মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ আক্তার হোসেন জানান, নৌ পুলিশের পক্ষ থেকে গ্রেফতারদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা আইনে পৃথক চারটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।