স্কুলছাত্রী, প্রতিবাদ, নিহত, যুবক, আটক
স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় নিহত ইমদাদুল হক। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমদাদুল হক (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাইস (২০) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

Advertisement

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ইমদাদুল উপজেলার নওদা বন্ডবিল গ্রামের রেজাউল হকের ছেলে। অন্যদিকে আটক নাইস গোবিন্দপুর গ্রামের মজনু রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে ইমদাদুলের সাথে নাইসের একাধিকবার কথা কাটাকাটি হয়। বিদেশে যাওয়ার উদ্দেশে গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরেন ইমদাদুল। বুধবার রাতে তিনি নাইসের পরিবারের সদস্যদের বিষয়টি জানাতে তাদের বাড়িতে যান। সেখানে কথা বলার একপর্যায়ে নাইসের সাথে তার তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নাইস ঘর থেকে কাঠের বাটাম এনে ইমদাদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি শেখ আতিয়ার রহমান বলেন, ‘সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে লালব্রিজ এলাকা থেকে অভিযুক্ত নাইসকে আটক করা হয়েছে। নিহত ইমদাদুলের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

ওসি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে হত্যার বিস্তারিত তথ্য জানা যাবে।