গফরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিচ্ছন্নতা অভিযান
গফরগাঁও পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। নয়া দিগন্ত

গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিচ্ছন্নতা অভিযান

Advertisement

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গফরগাঁও পৌর শাখা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল নয়টার দিকে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের গফরগাঁও পৌর সভাপতি তানভীর আহমেদ খলিল।

এ সময় তানভীর আহমেদ খলিল বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সবাইকে সচেতন হতে হবে। বাড়িঘর, হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজনন না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে।’ 

তিনি বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় মানুষের পাশে থাকতে চায়। ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।’

কর্মসূচিতে পৌর সেক্রেটারি আশফাক আহমদ খান রাহাতসহ ফেডারেশনের পৌর ও ওয়ার্ড শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।