নিহত আনিছুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হচ্ছে
নিহত আনিছুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হচ্ছে। নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ছয়জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের রণাইল নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওসমান গনি নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

নিহত আনিছুর রহমান উপজেলার রনাইল নিচপাড়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন— নিহত আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), মরহুম ইয়াদ আলীর ছেলে আব্দুল মতিন (৪০), মরহুম আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৫৪), আবুল কালামের ছেলে আব্দুল আলিম (২৫), মরহুম আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং অপরপক্ষের নজরুল ইসলাম, রফিজ উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৬৫) ও তার দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮)। আটককৃত ওসমান গনি রণাইল গ্রামের মরহুম ওয়াহেদ আলী মন্ডলের ছেলে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহাজাহান, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, জাহিদুল ইসলাম, ইলিয়াসকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। রেজাউল ইসলাম ও জুয়েল মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমান গংয়ের সাথে তাদের শরীকান একই গ্রামের মরহুম লছিম উদ্দীনের ছেলে নজরুল গংয়ের বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন থেকে নজরুল গং জমি বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক ভোগ দখল করে আসছিল। স্থানীয় মাতব্বররা শালিস-দরবারের মাধ্যমে আনিছুর রহমান গংদের প্রায় সাত বিঘা জমি বুঝিয়ে দিলে তারা সেখানে ধানের চারা রোপণ করে পরিচর্যা করে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০-২৫ জনের একটি দল আনিছুর রহমান গংদের ওপর হামলা চালালে পাঁচজন আহত হয়। এ সময় নজরুল ইসলামসহ তার দলের চারজন আহত হয়। পরে আনিছুর রহমানের মৃত্যুর খবর শুনে নজরুল ইসলাম হাসপাতাল থেকে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মরহুম ওয়াহেদ আলী মন্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।