
বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মন্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের উপপরিচালক ডা: মঞ্জুর-ই-মোর্শেদ।
এর আগে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনন্দ মন্ডলের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়।
জানা গেছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে তিন দিন আগে আনন্দ মন্ডল শজিমেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যান।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুযায়ী, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৫ জনে। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২১২ জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বগুড়া সিটি করপোরেশন মশক নিধন ও জনসেচনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্যোগে নিয়েছে। এর অংশ হিসেবে আগামী শুক্রবার (১৬ অক্টোবর) মসজিদে মসজিদে খতিবরা জুম্মার খুতবায় এ সম্পর্কে মুসল্লিদের অবগত করবেন।
এ বিষয়ে বগুড়া সিটি করপোরেশেনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নাগরিকদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সেইসাথে যেখানে মশক নিধনের ওষুধ ছিটানো প্রয়োজন সেখানে ওষুধ স্প্রে করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








