
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কঁচা নদীতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদফতরের যৌথ উদ্যোগে ও নৌ-পুলিশের সহায়তায় উপজেলার বেকুটিয়া সংলগ্ন কঁচা নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নদী থেকে প্রায় দুই হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। পরে জব্দকৃত জাল বেকুটিয়া ফেরিঘাট প্রান্তে সর্বসাধারণের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহানা আক্তার বলেন,
‘জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবং মা ইলিশের প্রজনন নিশ্চিতে আমাদের শূন্য সহনশীলতা নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত আমাদের তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরো বলেন, ‘ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলে ও সর্বস্তরের জনগণই পাবেন। তাই মা ইলিশ রক্ষায় প্রশাসনকে তথ্য ও সহযোগিতা দেয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তারের সার্বিক নির্দেশনায় মা ইলিশ রক্ষায় আমরা নিয়মিত টহল দিচ্ছি। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মা ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান পুরো প্রজনন মৌসুমজুড়েই অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








