ইলিশ, অভিযান, নৌ পুলিশ, গ্রেফতার, জেলে, কারেন্ট জাল, নৌকা, মামলা
অভিযানে গ্রেফতার জেলেরা। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্যকারী নয়জন জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। 

Advertisement


বুধবার (১৪ অক্টোবর) সকালে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মালেক খসরু খান নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মা ইলিশ সংরক্ষণে মঙ্গলবার দিনভর পদ্মা সেতু উত্তর থানার কান্দিপাড়া এলাকার পদ্মা নদীতে মাওয়া নৌ পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত তিনটি কাঠের নৌকা, ২৭ কেজি ২০০ গ্রাম ইলিশ মাছ ও দুই হাজার ৩০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ নয়জন জেলেকে গ্রেফতার করা হয়। 

তিনি আরো জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নির্ধারিত বিধিনিষেধ বাস্তবায়নে পদ্মা নদীতে নিয়মিত টহল পরিচালনা করছে মাওয়া নৌ পুলিশ। এরই অংশ হিসেবে মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ আক্তার হোসেন জানান, নৌ পুলিশের পক্ষ থেকে গ্রেফতারদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা আইনে পৃথক তিনটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদের দ্রুতই আদালতে পাঠানো হচ্ছে।