
পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে পৃথক অভিযান চালিয়ে মোট ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: রেজাউল ইসলাম নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযানগুলো পরিচালনা করা হয়।
জানা গেছে, লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা ও মাওয়া নৌ পুলিশের সমন্বয়ে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানা এলাকার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে পাতানো মালিকানাবিহীন অবস্থায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অপরদিকে কোস্টগার্ডের পদ্মা স্টেশন সূত্রে জানা গেছে, জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু, যশলদিয়া, কবুতরখোল, বয়াতির খাল ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নদীতে মালিকবিহীন অবস্থায় পাতানো প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও জাল থেকে পাওয়া ৭০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একইসাথে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদরাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জালের ব্যবহার বন্ধে নদীপথে অসাধু জেলেদের বিরুদ্ধে এমন সমন্বিত তদারকি ও কঠোর অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








