ঘাতক ট্রাক্টরটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা
ঘাতক ট্রাক্টরটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। নয়া দিগন্ত

দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আবিদ হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।

Advertisement

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর শাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আবিদ হাসান খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর শাহপাড়া এলাকার আশিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির কাছের একটি পুকুরপাড়ে দুই শিশুসঙ্গীর সাথে খেলছিল আবিদ। এ সময় পুকুরে মাছ ধরছিলেন পুকুরের মালিক মামুন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুকুরের পানি ছিটানোর পর মামুনসহ তিন শিশু দৌড়ে রাস্তার দিকে চলে যায়। এ সময় অন্য দুই শিশু রক্ষা পেলেও ট্রাক্টরের চাকায় পিষ্ট হয় আবিদ। এতে গুরুতর আহত হয় সে।

পরে ট্রাক্টরচালক শিশুটিকে উদ্ধার করে দ্রুত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একইসাথে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। একপর্যায়ে উত্তেজিত লোকজন দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরকার বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চার বছরের শিশুর এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।