হাম
সিলেটের ম্যাপ। ফাইল ছবি

সিলেটে হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যু থামছে না। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর বিভাগে হাম ও হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৮০ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৫ জন।

Advertisement

রোববার (১১ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো. মাহবুবুল আলম।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ছয় মাস বয়সী আরাব সিলেটের কোম্পানীগঞ্জ, এক বছর দুই মাস বয়সী ইবা সুনামগঞ্জের দিরাই ও ১০ মাস বয়সী রাইয়ান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হননি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৯৫ জনে অপরিবর্তিত রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪২২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫২, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, কোম্পানীগঞ্জে নয়, বিশ্বনাথে ছয়, ফেঞ্চুগঞ্জে দুই ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৫১৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭২, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, নর্থ ইস্ট মেডিক্যালে দুই, পার্কভিউ মেডিক্যালে ২০, সিলেট উইমেন্স মেডিক্যালে তিন, কোম্পানীগঞ্জে নয়, বিশ্বনাথে চয়, বিয়ানীবাজারে পাঁচ, গোলাপগঞ্জে তিন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৮, ধর্মপাশায় দুই, বাহুবলে ১০ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এপর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৪, হবিগঞ্জে ২৪, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। 

অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে ৭৮, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে।