ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু
ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু। নয়া দিগন্ত গ্রাফিক্স

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামে মেসার্স মায়ের দোয়া ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২৮) ও একই গ্রামের সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (২৫)। এ ঘটনায় গুরুতর আহত দুই শ্রমিক হলেন— লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া ও হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। আহতদের দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ করে ইটভাটার চিমনির পাশের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জন শ্রমিকের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।