ট্রেন, যুবক, লাশ উদ্ধার
মৃত যুবক জুবায়ের ইসলাম জুবেল। নয়া দিগন্ত

ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার তিনদিন পর রেললাইনের পাশ থেকে জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কটারকোনা রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত জুবায়ের উপজেলার হিংগাজিয়া গ্রামের বাসিন্দা। কুলাউড়া থানার সেকেন্ড অফিসার ফরহাদ মাতব্বর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। 

রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রেনে রওনা হয়েছিলেন জুবায়ের। সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সাথে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

যথাসময়ে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। তাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংবাদ দেন তারা। 

নিখোঁজের তিনদিন পর সকালে কুলাউড়ার কটারকোনা এলাকায় রেললাইনের পাশে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ দুপুরের দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।