হাম, মৃত্যু, শিশু
হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন শিশু। ফাইল ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে আরো ২২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫২ জন।

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণকারী নয় মাস বয়সী শিশু রাহুল সিলেটের গোয়াইনঘাট উপজেলার ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী ছয় মাস বয়সী রাখি সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৯৫ জনেই রয়েছে। এর মধ্যে সিলেটে ৪২২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জন।

এক দিনে নতুন ভর্তি ২২৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৮, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে সাত, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৬৬, ধর্মপাশায় এক ও জগন্নাথপুরে পাঁচজন রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন ৫৫২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০৩, রাগীব-রাবেয়া মেডিক্যাল ১০, নর্থ ইস্ট মেডিক্যালে তিন, পার্কভিউ মেডিক্যালে ২৮, সিলেট উইমেন্স মেডিক্যালে তিন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিন, কোম্পানীগঞ্জে চার, বিশ্বনাথে পাঁচ, বিয়ানীবাজারে আট, গোলাপগঞ্জে সাত, ফেঞ্চুগঞ্জে দুই ও ধর্মপাশায় দুই ভর্তি রয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেবে, চলতি বছর হাম ও উপসর্গে এ পর্যন্ত ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭৫ জন ও নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছে। জেলাভিত্তিক মোট মৃত্যুর মধ্যে সিলেটে ৭৫, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে ৬৭ জন রয়েছে।