কিশোরগ্যাং, আটক, গ্রেফতার, মামলা
কিশোর গ্যাংবিরোধী অভিযানের দৃশ্য। নয়া দিগন্ত

সিলেট নগরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে সোমবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ১৫৮ জনকে আটক করেছে পুলিশ। আটকদের সকলেই কিশোর গ্যাংয়ের সদস্য নন; তবে তাদের মধ্যে বেশিরভাগই কিশোরগ্যাংয়ের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: সাইফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্র জানায়, মঙ্গলবার রাতে নগরের ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে, মাছিমপুর, উপশহরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রাতে অকারণে আড্ডা, মাদকসেবন ও জুয়া খেলার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। অন্যদের সতর্ক করে রাতে বিনা কারণে বাইরে আড্ডা না দেয়ার নির্দেশ দেয়া হয়।

বুধবার ভোর পর্যন্ত অভিযানে কোতোয়ালি মডেল থানা এলাকায় সর্বোচ্চ ১৮ জন, শাহপরান থানায় ১২, এয়ারপোর্ট থানায় ১১, দক্ষিণ সুরমায় আট, জালালাবাদে সাত ও মোগলাবাজার থানায় পাঁচজনকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার ৫৭ জন ও সোমবার ৪০ জনকে আটক করা হয়েছিল।

এদিকে মহানগর পুলিশের নিয়মিত অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত আরো ৪৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি ও মেট্রো অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন। এ সময় ২৫০ গ্রাম গাঁজা, ২৬ পিস ইয়াবা ও ৭৮ হাজার ৪০৭ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৮৮টি যানবাহন আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলবে। পাশাপাশি নগরীর অপরাধ নির্মুলে পুলিশের নিয়মিত অভিযান চলবে।’