
কুড়িগ্রামের চর রাজিবপুরে গরু চুরির চেষ্টার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) চর রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান ও সদস্য সচিব নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযুক্ত মো: মফিজুল হক মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মফিজুল হককে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই সাথে তাকে উপজেলা বিএনপি কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে আহ্বায়ক ও সদস্য সচিবের সামনে জবাব পেশ করার নির্দেশও দেয়া হয়েছে।
এছাড়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদকে প্রধান করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) রাত ২টার দিকে মোহনগঞ্জ ইউনিয়নের ভোটাং পাড়া গ্রামের মো: ওমর আলীর (৬৫) গোয়ালঘরে চুরি করার উদ্দেশ্যে ঢুকে পড়েন মফিজুলসহ সংঘবদ্ধ একটি দল। বিষয়টি টের পেয়ে ওমর আলী বাইরে বেরিয়ে মফিজুলকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় বৃদ্ধের হাতের আঙুল মুচড়ে দিয়ে পালিয়ে যান মফিজুল।
পরদিন সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয় বাজারে বৃদ্ধ ওমর আলীকে প্রকাশ্যে গালিগালাজ এবং কুপিয়ে ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে মফিজুলের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো: দুলাল হোসেন অভিযুক্ত মফিজুলসহ চারজনের বিরুদ্ধে ঢুষমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে দুলাল হোসেন বলেন, ‘মফিজুল চিহ্নিত মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত। মাদকের টাকা জোগাড় করতেই সে গভীর রাতে আমাদের গোয়ালঘরে চুরি করতে ঢুকে। চুরিতে বাধা দেয়ায় সে আমার বাবার ওপর হামলা করে পালিয়ে যায়। চুরি করতে ব্যর্থ হয়ে সে পরে আমার বাবাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আমরা মারত্মক নিরাপত্তাহীনতায় আছি।’
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মফিজুল হকের বক্তব্য নেয়ার চেষ্টা করলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








