
‘দেশে গ্যাস, তেল ও বিদ্যুতের সঙ্কটসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে’ জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সঙ্কট তৈরি করছে বর্তমান সরকার।’
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় নড়াইলের লোহাগড়া পৌর শহরের জয়পুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, ‘আজ বাংলাদেশে নানান সঙ্কট। গ্যাস নেই, তেল নেই, বিদ্যুৎ নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন হু হু করে বাড়ছে। মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। ভিন্ন দেশের দালালরা গুরুত্বপূর্ণ জায়গায় বসে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।’
তিনি আরো বলেন, ‘তৈরি পোশাক খাতে প্রতিবেশী দেশগুলো যেখানে ভর্তুকি দিচ্ছে, সেখানে আমাদের দেশে তৈরি পোশাক খাতকে বারোটা বাজিয়ে দেয়া হচ্ছে। সরকারদলীয় সিন্ডিকেটের কারণে তৈরি পোশাক খাতে চরম নৈরাজ্য নেমে এসেছে। এ কারণেই সরকার তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে কৃত্রিম সঙ্কট তৈরি করছে।’
বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মহসিন উদ্দিনের সভাপতিত্বে এবং খেলাফত মজলিস লোহাগড়া পৌর শাখার সভাপতি মুফতি দিদারুল ইসলাম ও যুব মজলিসের সদস্য মুফতি আব্দুল আজিজের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামত উল্লাহ কাসেমী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুর রহমান, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ফারুক হাসান নদভী, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান মিনহাজ ও সাবেক জেলা সভাপতি মাওলানা জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








