
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে মঙ্গলবার রাত ১২টা থেকে আগামী ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞাকে ঘিরে ভোলার চরফ্যাশন উপজেলার উপকূলীয় জেলে পল্লীগুলোতে জাল বুননে ব্যস্ত সময় পাড় করছেন জেলেরা।
সাগর ও মেঘনা পাড়ের জেলে গ্রামগুলোতে নৌকা তীরে বেঁধে রাখা হয়েছে। অলস সময় কাটাতে জেলেরা এখন নতুন জাল বুনন, পুরনো জাল মেরামত ও নৌকা সংস্কারে ব্যস্ত সময় পার করছেন।
চরফ্যাশনের সামরাজ, কুকরি-মুকরি ও ঢালচর এলাকায় সরেজমিনে দেখা যায়, ঘরের উঠানে বসে দল বেঁধে জাল বুনছেন জেলেরা।
জেলেরা জানায়, সরকার ২২ দিন নিষেধাজ্ঞা দিয়েছে। মা ইলিশ ডিম পাড়লে সামনে মাছ বেশি পাওয়া যাবে। এ ফাঁকে নতুন জাল বুনে নিচ্ছেন জেলেরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়স্ত কুমার অপু জানান, নিষেধাজ্ঞা চলাকালে চরফ্যাশনের প্রায় ৩০ হাজার জেলের জন্য সরকারি চাল বরাদ্দ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে। মেঘনা ও বঙ্গোপসাগর মোহনায় কোস্টগার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ টহল জোরদার করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








