ককটেল, আহত, কিশোর
ককটেল বিস্ফোরণে আহত কিশোর মো: কামরুল। নয়া দিগন্ত

শরীয়তপুরের জাজিরায় রাস্তার পাশে কসটেপে মোড়ানো ককটেল খেলনা ভেবে হাতে তুলে নিয়ে মাটিতে ফেলতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মো: কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে। 

পদ্মা সেতু দক্ষিণ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জুনায়েদ আহমেদ (১৭) নামে এক কিশোর ফেদুল্লা বেপারী কান্দি এলাকায় রাস্তার পাশে কসটেপে মোড়ানো বস্তু পড়ে থাকতে দেখে খেলনা বল মনে করে হাতে তুলে নেয়। কামরুল স্কুলে যাওয়ার সময় জুনায়েতের হাতে কী রয়েছে জানতে চায়। পরে দুজন মিলে সেটি কামরুলের দাদি নাসিমা বেগমকে দেখালে তিনি ককটেল বলে জানান। আতঙ্কিত হয়ে জুনায়েদ সেটি মাটিতে ফেলে দিলে সাথে সাথে তা বিস্ফোরিত হয়। এতে কাছাকাছি থাকা কামরুল আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়।

খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় আরো দুটি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই সাইদুজ্জামান বলেন, ‘ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় আরো দুটি ককটেল পাওয়া গেছে। ঘটনাস্থলে আর কোনো বিস্ফোরক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।’