এডিবি ও রাসিকের মধ্যে মতবিনিময় সভা
বাসযোগ্য নগরী গড়তে এডিবি ও রাসিকের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নয়া দিগন্ত

রাজশাহী মহানগরীকে আরো বাসযোগ্য, টেকসই, আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন

Advertisement

এডিবির ‘উত্তরবঙ্গ নগর বাসযোগ্যতা উন্নয়ন প্রকল্প-২০২৮’-এর আওতায় প্রকল্পের পরিধি নির্ধারণ নিয়ে রোববার সকালে নগর ভবনের সরিত দত্ত গুপ্ত নগর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। তাঁর এ কাজে সহযোগিতা করায় এডিবিকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, রাজশাহী মহানগরীকে আরো টেকসই, আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে এডিবি পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় রাজশাহী মহানগরীর টেকসই ও বাসযোগ্য নগর উন্নয়নে সম্ভাব্য উন্নয়ন প্রকল্প, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নগরীর অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশনব্যবস্থা, পর্যটন, আবাসন ও পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

এ সময় নগর উন্নয়ন ও নাগরিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন, সম্ভাব্য প্রকল্প গ্রহণ এবং সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও মতামত ও পরামর্শ দেওয়া হয়।

সভায় রাজশাহী সিটি করপোরেশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি উপস্থাপনা দেন রাসিকের নির্বাহী প্রকৌশলী মো. জসীম উদ্দীন আরজু।

এডিবির পানি ও নগর উন্নয়ন বিভাগের মিশন দলের প্রধান ও নগর উন্নয়ন বিশেষজ্ঞ দাওয়া চোকি, জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মো. এসএ আবদুল্লাহ আল মামুন, অবকাঠামো প্রকল্প উন্নয়ন বিশেষজ্ঞ অ্যালান থমাস কেলি এবং অবকাঠামো প্রকল্প উন্নয়ন বিশেষজ্ঞ মো. মোহাম্মদ ইমতিয়াজ শরীফ সভায় উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-সাঈদ, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদূর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে এডিবির পানি ও নগর উন্নয়ন বিভাগের মিশন দলের প্রধান ও নগর উন্নয়ন বিশেষজ্ঞ দাওয়া চোকিকে সম্মাননা স্মারক দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

এর আগে সভার শুরুতে রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এডিবির প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় দাওয়া চোকিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।