
লক্ষ্মীপুরের রায়পুরে চুরির অভিযোগে শান্ত মজুমদার (১৭) নামের এক কিশোরকে হাত-পা বেঁধে লাঠি দিয়ে মারধরের অভিযোগ ওঠেছে। এ ঘটনার এক মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় হাত বেঁধে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের দিঘলদি গ্রামের রাকিব হোসেন ও কাইয়ুম। শনিবার সন্ধ্যায় তাদেরকে আটক করে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িতে নেয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হায়দরগঞ্জ বাজারসংলগ্ন কেওড়াডুগি এলাকায় কয়েকদিন ধরে বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছিল। স্থানীয় কয়েকজনের দাবি, প্রায় এক মাস আগে ওই এলাকার কয়েকটি বাড়ি ও দোকানে রাতে চুরির ঘটনায় শান্ত মজুমদার জড়িত ছিলেন বলে সন্দেহ করা হয়। এ অভিযোগে তাকে আটক করে তার ভাই অন্তর মজুমদারসহ কয়েকজন যুবক হাত-পা বেধে মারধর করেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক কিশোরের হাত বাঁধা অবস্থায় কয়েকজন তাকে মারধর করছেন। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘তিনি কিশোরকে হাত বেঁধে মারধরের ভিডিওটি দেখেছেন। তার মতে, এভাবে প্রকাশ্যে নির্যাতন করা এবং আইন নিজের হাতে তুলে নেয়া কোনোভাবেই কাম্য নয়।’
খবর পেয়ে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সম্পর্কে খোঁজ নেন। কিশোরটির বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলেও কোনো চোরাই মালামাল উদ্ধার হয়নি।
মারধরের বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শান্ত মজুমদার মোবাইল ফোনে বলেন, ‘আমি কোনো চুরির সাথে জড়িত নই। শুধু সন্দেহের ভিত্তিতে আমার ওপর চুরির দায় চাপানো হয়েছে। বিনা কারণে হাত বেঁধে আমাকে মারধর করা হয়েছে। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে আমাকে চোর হিসেবে উপস্থাপন করা হচ্ছে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, হাত বেঁধে কিশোরকে মারধরের ভিডিওটি তিনি দেখেছেন। এলাকায় কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটায় কিশোরটির ভাইসহ কয়েকজন যুবক তাকে আটক করে মারধর করেন বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় দুইজনকে আটক করে থানায় নেয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








