পানিতে ডুবে
পাকুন্দিয়া থানা। নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

Advertisement

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আনোয়ারখালী গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত নুসাইবা আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে ও আদিবা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার শফিক হোসেনের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, আদিবা তার মামাতো বোন নুসাইবার সাথে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলাধুলা করছিল। খেলার কোনো একসময় দু’জনেই পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।