
মানিকগঞ্জের হরিরামপুরের ঐতিহ্যবাহী হাজারী গুড় ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় গুড় উৎপাদনকারী গাছিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার হাজারী পল্লীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
মতবিনিময় সভায় স্থানীয় গাছি, গুড় উৎপাদনকারী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় হাজারী গুড়ের ঐতিহ্য সংরক্ষণ, উৎপাদনের মান উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং জিআই স্বীকৃতির সুফল নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, হাজারী গুড় হরিরামপুরের ঐতিহ্যবাহী পণ্য। জিআই স্বীকৃতি পাওয়ায় এ পণ্যের স্বকীয়তা ও সুনাম আরও বাড়বে। একই সাথে উৎপাদকেরা ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন এবং দেশ-বিদেশে হাজারী গুড়ের বাজার সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে।
গাছি মিজানুর রহমান বলেন, দিন দিন খেজুরগাছের সংখ্যা কমে যাচ্ছে। এ সমস্যা সমাধানে রাস্তার দুই পাশে নতুন করে গাছ লাগানোর চেষ্টা করা হচ্ছে।
আরেক গাছি সাব্বির হোসেন বলেন, বিভিন্ন এলাকা থেকে খেজুরের রস সংগ্রহ করে আনতে হয়। এতে তাদের অনেক কষ্ট করতে হয়। রাতে সংগ্রহ করা রস চুরি হয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রভাবশালী মহলের চাপের মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেন তিনি।
বাজারে ভেজাল গুড় যাতে না যায়, সে জন্য প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানোর আহ্বান জানান সাব্বির হোসেন।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, হাজারী গুড়ের ঐতিহ্য ও গুণগত মান ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জিআই স্বীকৃতির মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাও আরো বৃদ্ধি পাবে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








