
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলিটি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের ইয়ার্ডের কাছে উদ্ধারকারী ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত ট্রলিটি উদ্ধারে কাজ শুরু করেন রেলকর্মীরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলিটি উদ্ধার করা সম্ভব হয়। এরপর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পাশা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








