
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, ‘আগামী দিনে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় শ্রমিক সমাজকে ভূমিকা রাখতে হবে। এ দেশের শ্রমিকরা সমাজ পরিবর্তনে বারবার রক্ত দিলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।’
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে ঝালকাঠি শহরের জেলা কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, বিগত জাতীয় নির্বাচনে ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।
এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিরাজুল ইসলাম।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘ইসলামী শ্রমনীতি চালু ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। তাই শ্রমিক সমাজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে সমবেত করে ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘২৪-এর আন্দোলনে শ্রমিক সমাজ একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সে পথে না হেঁটে তারা পুরনো পথে হাঁটছে। তারা সংবিধান সংস্কারে ভূমিকা না নিয়ে, গণভোটের হ্যাঁ ভোটকে অস্বীকার করে জনগণের সাথে প্রতারণা করেছে। গুম অধ্যাদেশসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে দেশকে গুম-খুনের দিকে ধাবিত করছে।’
সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে সংগঠনকে শক্তিশালী করে দেশ পরিবর্তনের উপযোগী হিসেবে গড়ে তুলে সকল ধরনের অন্যায়-অত্যাচার-জুলুমের অবসান ঘটিয়ে একটি কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণের জন্য ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জনাব শাহাবুদ্দিন সরদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মশিউর রহমান।
এছাড়াও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই দারসুল কোরআন পেশ করেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








