ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলসহ আটক মাদককারবারি
ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলসহ আটক মাদককারবারি। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে ৭৫ বোতল অবৈধ ভারতীয় নেশাজাতীয় ‘উইনসেরেক্স’ সিরাপসহ ফিরোজ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে জীবননগর ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইলফোন জব্দ করা হয়।

আটক ফিরোজ হোসেন জীবননগর থানার শাখারিয়া গ্রামের বরকতুল্লাহর ছেলে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। বিজিবির জীবননগর বিওপির একটি দল হাবিলদার হাসমত আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের ভেতরে জীবননগর ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়।

সেখানে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালালে ৭৫ বোতল অবৈধ ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ এবং জব্দকৃত আলামত হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।