শিশু
নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার। ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর মো: আবু ইউনুস (১০) ও নিরব (৯) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) নদীর টঙ্গী বাজার গোহাটা রেলওয়ে ব্রিজের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে কোনো সন্ধান না পাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ ২৩ ঘণ্টার তল্লাশির পর পর্যায়ক্রমে দুই শিশুর লাশ উদ্ধার করেন ডুবুরিরা।

মৃত আবু ইউনুস টঙ্গীর বউবাজার এলাকার আব্দুল আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া শাহজাহান মিয়ার ছেলে। অপর শিশু নিরব একই বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের ছেলে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: শাহিন আলম জানান, বুধবার বিকেলে দুই শিশুর নিখোঁজের খবর পাওয়ার পরপরই ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রাতে আলোর স্বল্পতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে রাত সাড়ে ৭টার দিকে অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় পুরোদমে অভিযান শুরু করা হয়। দুপুর ১টার দিকে আবু ইউনুস এবং বিকেল ৪টা ১০ মিনিটের দিকে নিরবের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে টঙ্গী বাজার গোহাটা রেলওয়ে ব্রিজের নিচে তুরাগ নদীতে মাছ ধরতে যায় শিশু দু’টি। একপর্যায়ে নদীর স্রোতে তারা তলিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।