
সিলেট নগরীতে পৃথক ঘটনায় এক ব্যক্তি ও এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১ অক্টোবর) নগরীর শিবগঞ্জ ও মাছিমপুর এলাকায় এসব ঘটনা ঘটে।
নগরীর শিবগঞ্জে সাইফা সামিট টাওয়ারের আট তলা থেকে লাফ দিয়ে আহমেদ কাদির (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আহমেদ কাদির শিবগঞ্জ সাদিপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে। তিনি সাইফা সামিট টাওয়ারেই বসবাস করতেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে, নগরীর মাছিমপুর সংলগ্ন সুরমা নদীতে পড়ে মুস্তাকিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নদীর পাড়ে আরো দুই শিশুর সাথে খেলছিল মুস্তাকিম। এ সময় হঠাৎ সে নদীতে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে। পরে তার লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মুস্তাকিম সোবহানীঘাট এলাকার আব্দুল করিমের ছেলে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আফজাল হোসাইন দু’টি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহমেদ কাদিরের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








