
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আবদুল মন্নান হাওলাদারের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মৃত মন্নান কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মরহুম আবদুল মজিদ হাওলাদারের ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে তলিয়ে যান। পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাকে ডুবে যেতে দেখে দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন ও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেন। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান মেলেনি।
আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: পনির হাওলাদার বলেন, ‘হঠাৎ করেই তিনি নদীতে পড়ে যান। আশপাশের জেলেরা সাথে সাথে চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পাননি।’
কাঁঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো: খলিলুর রহমান বলেন, ‘নদীতে তীব্র স্রোত ছিল। খবর পেয়ে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরি দল প্রাথমিক উদ্ধার অভিযান চালায়। তবে রাত হয়ে যাওয়ায় ও প্রতিকূল পরিস্থিতির কারণে প্রথম দিনের মতো অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘এদিকে নিখোঁজের দুদিন পর গতকাল মধ্যরাতে পরিবারের লোকজন নিজস্ব ট্রলার নিয়ে বিষখালী নদীতে আবার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত দেড়টার দিকে দুর্ঘটনাস্থলেই তার লাশ ভেসে ওঠে। পরে স্বজনেরা নদী থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।’
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয় জমাদ্দার বাড়ি নূরানী ও হাফিজি মাদরাসা কমপ্লেক্স মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








