ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি
খুলনা বিএল কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব শুধু অবকাঠামো নির্মাণ নয়; জনগণের মধ্য থেকে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের জন্য শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে। বাংলাদেশে এ ধরনের পরিকল্পিত উদ্যোগের ঘাটতি রয়েছে।

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অডিটোরিয়ামে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বিভিন্ন দেশের অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে মেধাবী তরুণদের নেতৃত্বে আনার উদ্যোগ নেয়া হয়। সিঙ্গাপুরের উন্নয়নের পেছনে মেধাবী ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আসার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন। চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে। সেখানে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগও রয়েছে।

দেশের শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এসএসসি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হলেও তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত বিকল্প পরিকল্পনা নেই। যারা পরীক্ষায় ব্যর্থ হয়, তাদের প্রশিক্ষণ দিয়ে আবার এগিয়ে নেয়ার উদ্যোগ থাকা উচিত।

রাষ্ট্রের উন্নয়ন প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জনগণের মনন, মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তার দাবি, বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর ওপর ভারতের আধিপত্যের প্রভাব রয়েছে এবং এর কারণে দেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে দুর্বল রাখা হচ্ছে। এ সময় তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যের প্রসঙ্গ তুলে ধরেন এবং বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হলে এসব রাজ্য ভারতের বাইরে অন্য দেশের সাথে বাণিজ্যে আগ্রহী হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন। এ কারণে ভারতের এজেন্টরা বাংলাদেশের রাজনীতি ও অর্থনৈতিক ব্যবস্থায় প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ করেন তিনি।

চাকরিতে নিয়োগ প্রসঙ্গে ছাত্রশিবির সভাপতি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএসের মৌখিক পরীক্ষায় দলীয় বিবেচনায় নম্বর দেয়ার মাধ্যমে নিয়োগে বৈষম্য করা হয়েছে। তার দাবি, দলীয় পরিচয় না থাকলে কিংবা মাদরাসা থেকে আসা শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় কম নম্বর দেয়া হতো।

বর্তমান সরকারের সময়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, চাকরির ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বা রাজনৈতিক বৈষম্য গ্রহণযোগ্য নয়। জনগণের করের টাকায় সরকারি চাকরিজীবীদের বেতন দেয়া হয়। তাই নিয়োগের ক্ষেত্রেও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। পুলিশ যাচাই-বাছাইয়ের কারণে প্রাথমিকভাবে প্রায় এক হাজার প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়েছেন বলেও তিনি দাবি করেন। রাজনৈতিক আনুগত্য বা স্থানীয় নেতার সুপারিশ কোনো কোনো ক্ষেত্রে চাকরি না দেয়ার কারণ হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তরুণদের সরকারি চাকরির পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, সরকারি চাকরির সুযোগ সীমিত। তাই ইংরেজি, আইইএলটিএস, জিআরই, প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল মার্কেটিং, যোগাযোগ দক্ষতা ও গবেষণার মতো বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে।

তিনি জানান, ছাত্রশিবির ‘থ্রাইভ’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করছে। সেখানে শিক্ষার্থীদের জন্য ইংরেজি, আইইএলটিএস, গবেষণাপদ্ধতি ও বিভিন্ন সফটওয়্যারের কোর্স থাকবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও এসব সুবিধা পাবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রত্যাশা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের হাতে আল-কোরআন, ফুল, বই, ফোনস্ট্যান্ড, স্টিকার, বুকমার্ক, শুভেচ্ছা কার্ড ও স্ন্যাকসসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন।

সিদ্দিকীয়া মাদরাসায় নবীনবরণ
এর আগে মঙ্গলবার খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বক্তব্য দেন নূরুল ইসলাম সাদ্দাম।

মাদরাসার হাজী শেখ আব্দুর রশিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্দিকীয়া মাদরাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামী খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। মাদরাসা থানা শাখার সেক্রেটারি নাঈম হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, সেক্রেটারি ইসরাফিল হোসেন, নাসমি সাঈদী, সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, মহানগর ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক হযরত আলী, মাদরাসার সদ্য বিদায়ী অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ ও মাওলানা মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।

সেখানে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশে শিক্ষার হার বাড়লেও দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ কমেনি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষের নৈতিকতা ও মানবিকতা নিশ্চিত করতে পারে না; ধর্মীয় ও নৈতিক শিক্ষারও প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, ইসলামকে শুধু মসজিদ বা ব্যক্তিগত ধর্মাচরণের মধ্যে সীমাবদ্ধ রাখার ধারণা সঠিক নয়। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রেও ইসলামী মূল্যবোধের প্রতিফলন থাকা প্রয়োজন।