কুষ্টিয়া সীমান্তে মাদকসহ আটক যুবক
কুষ্টিয়া সীমান্তে মাদকসহ আটক যুবক। নয়া দিগন্ত

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ৫১ হাজার ২৭১ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৮ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মো. সনি (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

Advertisement

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শেওড়াতলা পুকুরপাড় এলাকায় অভিযান চালায় কাজিপুর বিওপির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। 
একই দিন রাত সাড়ে ৯টার দিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহল এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় ২ হাজার ৮০০টি ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫৯ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। 
এরপর বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডাক্তার মোড় এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় ৮ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মো. ফেন্টুর ছেলে মো. সনিকে আটক করা হয়। 
বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে সর্বমোট ৯ লাখ ৫১ হাজার ২৭১ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য উদ্ধার করা হয়েছে। আটক সনিকে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।