
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘২০২৭ সালের জানুয়ারি থেকে ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হবে।’
তিনি বলেন, ‘যে সময় সারের সঙ্কটের কথা বলা হয়েছিল, সে সময় সারাদেশে সারের সঙ্কট ছিল না। কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছিল। এর সাথে একটি রাজনৈতিক দল ও ফ্যাসিস্ট সরকারের কিছু ডিলার জড়িত ছিল। এ কারণে প্রতি ইউনিয়নে আরো একজন করে ডিলার নিয়োগ দেয়া হবে।’
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মীর শাহে আলম বলেন, ‘কুড়িগ্রামসহ যেসব জেলায় জামায়াতে ইসলামীর এমপি ছিল, সেসব এলাকায় সারের সঙ্কট হয়েছিল। আর যেসব আসনে বিএনপির সংসদ সদস্য ছিল, সেখানে সারের সঙ্কট হয়নি। একটি রাজনৈতিক দল জনগণের কাছে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার জন্য এ সঙ্কট তৈরি করেছিল। আগামী দিনে সারের কোনো সঙ্কট হবে না।’
তিনি বলেন, ‘জাতীয় সংসদে দাড়িয়ে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সাময়িকভাবে গ্যাস ও বিদ্যুতের সমস্যার কিছুটা সমাধান হয়েছে। তবে পূর্ণাঙ্গরুপে সমাধান হতে আরো কিছুটা সময় লাগবে।’
দেশের আইনশৃঙ্খলার প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দল যেকোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপাবে। এটি গণতন্ত্রের সৌন্দর্য।’
এ সময় মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার (এসপি) ফজলে রাব্বি, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তোফা, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








