
নোয়াখালীতে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। অভিযানে প্রশাসনের কর্মকর্তাদের সাথে জেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের হাসপাতাল সড়কের দুই পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাসপাতাল সড়কের দুই পাশে ছোট-বড় মিলিয়ে শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। এসব স্থাপনার কারণে সড়ক দিয়ে রোগী ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল। পাশাপাশি প্রতিদিন যানজটে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন।
অভিযোগ রয়েছে, অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে নেয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নির্দেশ দেয়া হলেও সংশ্লিষ্টরা তা কার্যকর করেনি। পরে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো বলেন, ‘রাজনৈতিক দলের নাম ব্যবহার করে যাতে কেউ যেন সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা বসাতে না পারে এবং উচ্ছেদ অভিযানে কেউ যাতে বাধা না দেয়, সে জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করেছি।’
অভিযান শেষে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘নোয়াখালী শহরের যেসব স্থানে অবৈধ স্থাপনাসহ সড়কের পাশে দোকানপাট রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।’









