
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। হলগুলো হলো, খালেদা জিয়া, শহীদ আনাস, জুলাই-৩৬ ও উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এ এস এম আয়নুল হক আকন্দকে ২৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এ পদে থাকা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো: জালাল উদ্দিনের মেয়াদ ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ায় তার স্থলে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়।
শহীদ আনাস হলের প্রভোস্ট হিসেবে দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো: আব্দুল করিমকে ৩০ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এ পদে থাকা একই বিভাগের প্রফেসর ড. মো: আবদুল কাদেরের মেয়াদ ২৯ সেপ্টেম্বর শেষ হবে।
জুলাই-৩৬ হলের প্রভোস্ট হিসেবে আল ফিকহ অ্যান্ড ল বিভাগের প্রফেসর ড. মোছা: হামিদা খাতুনকে ২৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এ পদে থাকা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকীর মেয়াদ ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ায় তার স্থলে তাকে নিয়োগ দেয়া হয়।
এ ছাড়া উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট হিসেবে বাংলা বিভাগের প্রফেসর ড. মো রশিদুজ্জামানকে ২৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এ পদে থাকা আল-কোরআন অ্যান্ড স্টাডিজ বিভাগের প্রফেসর এ কে এম রাশেদুজ্জামানের মেয়াদ ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ায় তার স্থলে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে।
অফিস আদেশগুলোতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রভোস্টরা দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। একইসাথে দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় বিদায়ী প্রভোস্টদের ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।









