
মাদারীপুরের শিবচরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের সেনেরবাট ও দত্তপাড়া ইউনিয়নের উত্তরাইল গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো— সেনেরবাট গ্রামের মাহাবুব খানের মেয়ে ফাতেমা ও উত্তরাইল গ্রামের রোমান খানের মেয়ে অরিন।
স্বজনরা জানায়, বাড়ির পাশের পুকুরপাড়ে বসে খেলছিল ফাতেমা। অসাবধানবশত সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা ফাতেমাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে একইভাবে নিখোঁজ হয় অরিন। পরে পুকুরে ভাসমান অবস্থা থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন জানান, দুই থেকে আড়াই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে মর্মে জানতে পেরেছি। বিষয়টি খুবই দুঃখজনক। বর্ষা মৌসুমে প্রত্যেক পরিবারের সতর্ক থাকা উচিৎ। যাতে এমন বেদনাদায়ক দুর্ঘটনার শিকার না হতে হয়।








