মুন্সীগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা 
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পৃষ্ঠপোশকতায় ও মুন্সীগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর ) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মুন্সীগঞ্জের সরকারি অফিসসমূহের ওয়েবসাইটে তথ্য হালনাগাদের এবং অপতথ্য রোধের আহ্বান জানান।

জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোর প্রতি উদ্যোগ গ্রহণের এবং ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করার আহ্বান জানান মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহমুদুর রহমান খোন্দকার। 

সভায় অপতথ্য রোধের আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন। সহকারী কমিশনার উম্মে নাজনীন নিশাতে পরিচালনায় সভায় তথ্য অধিকার আইন-২০০৯-এর ওপর আলোচনা উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী। 

সভায় টিআইবি-সনাকের ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সহ-সভাপতি মুহাম্মদ নুরুন্নবী মুন্না। তথ্য অধিকার ও জেলা পোর্টালে তথ্য হালনাগাদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন যথাক্রমে সরকারি হরগঙ্গা কলেজের প্রভাষক আসাদ উদ্দিন ও ইয়েস সদস্য মুন্না ঢালী। 

আলোচনা সভায় মুন্সীগঞ্জ ওয়েব পোর্টালের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের পর্যবেক্ষণ প্রতিবেদন এবং সুপারিশমালা উপস্থাপন করেন টিআইবি ও সনাকের মুন্সীগঞ্জ এরিয়া কোঅর্ডিনেটর।

সভায় তথ্য অধিকার আইনের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন এবং টিআইবির ধারণাপত্র বিতরণ করা হয়। 

মুন্সীগঞ্জের বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সনাক, ইয়েস, এসিজি সদস্যরা সভায় অংশ নেন।